আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)

- আপডেট: ০১:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 58
আজ শনিবার (বারোই রবিউল আউয়াল) পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)। মুসলিম উম্মাহর জন্য দিনটি গভীর আবেগ-অনুরাগ ও ভালোবাসায় পরিপূর্ণ। এ দিন বিশ্বমানবতার মুক্তির দিশারি, রহমাতুল্লিল আ’লামিন, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস হিসেবে স্মরণ করা হয়।
সাড়ে ১৪০০ বছর আগে আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার দূর করে ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে তাঁর জন্ম হয়। শৈশব থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে ৪০ বছর বয়সে তিনি মহান আল্লাহর পক্ষ থেকে নবুওয়তের দায়িত্ব লাভ করেন। সত্য, তাওহিদ ও মানবতার বার্তা প্রচার করতে গিয়ে তিনি বহুমুখী ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হলেও ধৈর্য ও ত্যাগের মাধ্যমে ইসলামের বিজয় অর্জন করেন। মদিনায় হিজরতের পর তিনি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং “মদিনা সনদ” প্রণয়ন করেন, যা বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত। অবশেষে মক্কা বিজয় ও বিদায় হজের মাধ্যমে দ্বীন ইসলামের পূর্ণতা লাভ হয়।
নবিজির জন্মতারিখ নিয়ে ভিন্নমত থাকলেও ১২ রবিউল আউয়ালকে মুসলিম বিশ্ব বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে থাকে। এ দিন মুসলমানরা সিরাতুন্নবির আলোচনা, দরুদ পাঠ, দান-সদকা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে প্রিয় নবিকে স্মরণ করেন।
এ উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সেমিনার, মিলাদ মাহফিল ও শোভাযাত্রার আয়োজন করেছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। আজ সরকারি ছুটি হওয়ায় দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।




















