রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

- আপডেট: ১২:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 57
রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফার একটি বৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে হওয়া এই হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে শোধনাগারের একটি অংশে আগুন ধরে যায়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি।
রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দূরের উফা শহরে অবস্থিত এই শোধনাগারের মালিক রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি বাশনফ্ট। প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ টেলিগ্রামে জানান, শোধনাগারটিকে লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল—এর মধ্যে একটি ভূপাতিত হলেও অন্যটি শোধনাগারে আঘাত হানে।
খাবিরভ আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিমান আকৃতির একটি ড্রোন শোধনাগারের অংশবিশেষে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটায়। এতে আগুন ধরে যায়, যদিও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। শোধনাগার ক্ষতিগ্রস্ত হলেও তা গুরুতর নয়।
উল্লেখ্য, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন বারবার রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করছে। বাশনফ্টের এই শোধনাগারটিকে ২০১৬ সালে ক্রেমলিন রাশিয়ার অন্যতম বৃহৎ তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দেয়। এখানে ১৫০ প্রকারেরও বেশি তেলজাত পণ্য উৎপাদিত হয়।




















