মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

- আপডেট: ০৫:১৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 59
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় আনন্দপুর এলাকায় ওয়াহিদ মোল্লা ও উজির আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধরা হলেন— শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।”
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, রাতেই আটজন গুলিবিদ্ধ রোগী হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
















