৭২ ঘণ্টায় ছয় দেশে ইসরায়েলের হামলা, গাজায় নিহত অন্তত ১৫০

- আপডেট: ০২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 54
মাত্র তিন দিনে কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় শুধু গাজাতেই অন্তত ১৫০ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।
কাতারে হামাস নেতাদের বৈঠকে হামলা
মঙ্গলবার দোহায় হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হন। এর মধ্যে ছিলেন হামাস নেতা খালিল আল-হায়্যার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, তিন দেহরক্ষী ও একজন কাতারি নিরাপত্তাকর্মী। তবে শীর্ষ নেতারা বেঁচে যান।
গাজায় ভয়াবহ বোমাবর্ষণ
সোমবার থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৫০ জনের মধ্যে ১৪ জন নিহত হন ত্রাণ সংগ্রহকালে এবং ছয়জন অনাহারে মারা যান। দুই দিনে আহত হয়েছেন ৫৪০ জনের বেশি। অবকাঠামো ধ্বংস হওয়ায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৫৬ জনে।
লেবানন, সিরিয়া ও তিউনিসিয়া লক্ষ্যবস্তু
লেবাননের বেকা ও হারমেল জেলায় বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বৈরুতের দক্ষিণে ড্রোন হামলায় হিজবুল্লাহর এক সদস্য আহত হয়েছেন।
সিরিয়ার হোমস ও লাতাকিয়ায় সামরিক স্থাপনায় তীব্র হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। সিরিয়া একে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলছে।
তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে ও উপকূলে দুটি জাহাজে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটে।
ইয়েমেনে বিমান হামলা
বুধবার ইয়েমেনের রাজধানী সানায় হুথি অবস্থান ও বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। এ মাসের শুরুর দিকেও একই বিমানবন্দর লক্ষ্যবস্তু ছিল।
















