গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ওলামা মাশায়েখদের

- আপডেট: ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 66
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা মাশায়েখরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সম্মিলিত আইম্মা পরিষদের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক প্রয়োজন। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং নষ্ট হয়। তারা অভিযোগ করেন, গানের শিক্ষক নিয়োগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে বিদেশি সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর পরিবর্তে কোরআন-হাদিসভিত্তিক শিক্ষা দিলে শিক্ষার্থীরা প্রকৃত নৈতিকতা অর্জন করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান হলেও ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি। তিনি সতর্ক করে বলেন, “গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি। সরকার যদি এ দাবি উপেক্ষা করে, তবে আলেম-ওলামা ও সাধারণ মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
সমাবেশ শেষে বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান দেন।
এ সময় জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















